০৮ জুলাই ২০২৬, ১৭:০৯

বজ্রপাতে বাবার সামনেই প্রাণ গেল ছেলের

প্রতীকী ছবি   © সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে জমিতে রোপা আমন ধানের চারা লাগানোর সময় বজ্রপাতে গোলাপ হোসেন (২৮) নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা মোকলেছুর রহমান (৪৮) গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের ভাটপাইল (নয়াপাড়া নন্দি) গ্রামের একটি ধানক্ষেতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মোকলেছার রহমান তার বড় ছেলে গোলাপ হোসেনকে সঙ্গে নিয়ে নিজেদের জমিতে রোপা আমন ধানের চারা (দোগাছি) রোপণ করছিলেন। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে আকাশ ঘন মেঘে ছেয়ে যায় এবং প্রবল বর্ষণ শুরু হয়। একই সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হতে থাকে।

হঠাৎ একটি তীব্র বজ্রপাত সরাসরি ওই ফসলি জমিতে পড়লে ঘটনাস্থলেই ছেলে গোলাপ হোসেনের মৃত্যু হয়। পাশে থাকা বাবা মোকলেছার রহমানও বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে আশেপাশের জমিতে থাকা অন্যান্য কৃষকরা ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করেন এবং আহত মোকলেছার রহমানকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে বিধি মোতাবেক প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।