ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক
চট্টগ্রামের মিরসরাইয়ে আর্জেন্টিনা–মিশর ফুটবল ম্যাচ দেখা নিয়ে কথাকাটাকাটির জেরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুই সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠুর (৩৫) নাকে ও চোখে গুরুতর আঘাত লাগে।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাঁটাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত অপরজন হলেন আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিব (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আর্জেন্টিনা–মিশর ম্যাচ চলাকালে মিশর গোল করলে ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু উল্লাস প্রকাশ করেন। এ নিয়ে আর্জেন্টিনা সমর্থক সাকিবের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং পরে মারামারিতে রূপ নেয়। এতে মিঠুর নাক ফেটে যায় এবং চোখে আঘাত লাগে। এছাড়া সাকিবের মাথা ফেটে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মাঈনুদ্দিন মিঠুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, মধ্যরাতে খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাঁর নাকে ও চোখে গুরুতর আঘাত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।