বানর খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র মোস্তাফিজুরের
বানর খেলা দেখতে বাড়ি থেকে বের হয়েছিল ৮ বছরের স্কুলছাত্র মোস্তাফিজুর রহমান। কিন্তু সেই যাত্রাই তার শেষ যাত্রা হয়ে গেল। যশোরের চৌগাছায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় নিহত হয়েছে তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থী।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল আটটার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চৌগাছা-আড়পাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান উপজেলার দক্ষিণ সাগর গ্রামের আশাদুল ইসলামের ছেলে। সে দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আশাদুল ইসলাম জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ সাগর ওয়ার্ড জামায়াতের সভাপতি।
আশাদুল ইসলাম জানান, সকালে স্কুলে যাওয়ার আগে বাড়ির পাশে বানর খেলা দেখতে যায় মোস্তাফিজুর। যাওয়ার সময় তিনি ও তার স্ত্রী ছেলেকে রাস্তার এক পাশ দিয়ে সাবধানে যেতে বলেছিলেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই তারা খবর পান যে মোস্তাফিজুর ইজিবাইকের নিচে চাপা পড়েছে। দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ পিপিএম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।