০৭ জুলাই ২০২৬, ১৬:০৯

কুমিল্লায় দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি  © টিডিসি সম্পাদিত

কুমিল্লায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ২০ জন। আজ মঙ্গলবার ভোরে লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বিপুলাসার ইউনিয়নের বড়কাচি মসজিদের সামনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। সেখানে নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়।

এতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাচিহাটা গ্রামের বাসিন্দা মৃত নলি মিয়ার ছেলে মো. মোস্তফা কামাল (৬২) নিহত হন। দুর্ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর প্রায় এক ঘণ্টা পর সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার খিলাবাজার এলাকায় একই মহাসড়কে সড়ক পার হওয়ার সময় হিমাচল পরিবহনের একটি বাসের চাপায় তাসলিমা আক্তার (৪৫) নিহত হন। তিনি মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামের বাসিন্দা এবং মো. আবু জাফরের স্ত্রী।

লাকসাম মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওসমান গনি বলেন, দুর্ঘটনা দুটির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আহমেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিষয়টি লাকসাম মহাসড়ক থানাকে জানানো হয়। পরে লাকসাম মহাসড়ক থানা ও মনোহরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।