০৭ জুলাই ২০২৬, ১২:২১

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৩০ মিলিমিটার বৃষ্টি, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে কোমরপানি

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন রাস্তা ডুবে গেছে। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি  © টিডিসি

টানা অতিভারী বর্ষণে চট্টগ্রাম নগরে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা এই মৌসুমে অন্যতম সর্বোচ্চ। মৌসুমি নিম্নচাপের প্রভাবে সৃষ্ট এই টানা বৃষ্টিতে নগরের নিচু এলাকাগুলো তলিয়ে গিয়ে তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নগরের আগ্রাবাদ, চান্দগাঁও, কাপাসগোলা ও চকবাজারসহ বিভিন্ন এলাকায় সড়ক ছাপিয়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। অনেক স্থানে কোমরসমান পানি জমে যাওয়ায় মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে যাওয়া নিচতলার দোকানগুলোয় মালামাল নষ্ট হওয়ায় ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

ব্যবসায়ী মো. সোলায়মান বলেন, ‘ভোররাত থেকেই দোকানের ভেতরে পানি ঢুকতে শুরু করে। সব মালামাল চোখের সামনে নষ্ট হয়ে গেল। ফ্রিজ, কাঁচামাল, সব পানির নিচে। সিটি করপোরেশন যে ড্রেন পরিষ্কারের কথা বলে, তার সুফল আমরা পাচ্ছি না।’

একই এলাকার বাসিন্দা আসমা বেগম বলেন, ‘ঘরে হাঁটুসমান পানি। রান্না করার উপায় নেই, বিছানাপত্র সব ভিজে গেছে। এই এলাকায় বৃষ্টি হলেই আমাদের এই ভোগান্তি পোহাতে হয়। দেখার কেউ নেই।’

পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে নিয়োজিত কর্মীদের জন্য বৃষ্টির মধ্যেই রেইনকোট বিতরণ করেছেন সিটি মেয়র। একই সঙ্গে পাহাড়ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার জন্য নিয়মিত মাইকিং করা হচ্ছে।

কাট্টলি সার্কেলের সহকারী কমিশনার আবু সালেহ আরমান জানান, ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে। তাই পাহাড়ি এলাকায় মাইকিংয়ের পাশাপাশি নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া কার্যালয় জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টির এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢল নামার আশঙ্কা থাকায় নগরবাসীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।