ঘরের ওপর পাথরবোঝাই ট্রাক উল্টে ঘুমন্ত স্কুলছাত্রী নিহত
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নলদী গ্রামে বসতঘরের ওপর পাথরবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছোট বোন মিতু।
রোববার দিবাগত রাত প্রায় ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের বরাতে জানা যায়, নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর মোল্যার দুই মেয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক ভুলবশত তাদের বাড়ির সামনের সরু সড়কে প্রবেশ করে। বাড়ির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সোজা বসতঘরের ওপর উল্টে পড়ে।
এতে ঘরের ভেতরে খাটে ঘুমিয়ে থাকা দুই বোন ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।