জেলের জালে ধরা পড়ল ৮ কেজির ‘লম্বু পোয়া’ মাছ, অর্ধলাখ টাকায় বিক্রি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ কেজি ওজনের একটি বিশাল কালো পোয়া মাছ। স্থানীয়ভাবে ‘লম্বু পোয়া’ নামে পরিচিত এই বিরল প্রজাতির মাছটি আজ রোববার সকালে অর্ধলাখ (৫০ হাজার) টাকায় বিক্রি হয়েছে। এই মাছটি দেখতে আলিপুর মৎস্য বন্দরে উৎসুক জনতার ভিড় জমে যায়।
জানা গেছে, রোববার (৫ জুলাই) সকালে মাছটি আলিপুর মৎস্য বন্দরে বিক্রির জন্য আনা হলে উন্মুক্ত নিলামের ডাক দেওয়া হয়। সেখানে ‘কুয়াকাটা ফ্রেশ ফিশ’-এর স্বত্বাধিকারী পিএম মুসা প্রতি মণ ২ লাখ ৫০ হাজার টাকা দরে, কেজিপ্রতি ৬ হাজার ২৫০ টাকায় মোট ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
উচ্ছ্বসিত ট্রলারের মাঝি আব্দুর রহিম বলেন, ‘গতকাল শনিবার রাতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জাল ফেলি। অন্যান্য সাধারণ মাছের লগেই এই বড় কালো পোয়া মাছটা জালে ওডে। মাছটা যখন জালে দেহি, তখনই বুঝছিলাম কপাল খুলছে। বাজারে আননের পর ৫০ হাজার টাকায় বিক্রি করতে পারছি। সাগরের নিষেধাজ্ঞা শেষে প্রথমবারই এমন মাছ পাওয়ায় আমরা ট্রলারের সব জেলে খুব খুশি। সামনের দিনগুলো ভালো যাইবে আশা করি।’
মাছটির ক্রেতা পিএম মুসা বলেন, ‘কালো পোয়া মাছের ‘সুইম ব্লাডার’ বা পটকা (মাছের বালিশ) অত্যন্ত মূল্যবান। আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা। আমি মাছটি কিনেছি ঢাকায় বিক্রির উদ্দেশ্যে।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘স্থানীয়ভাবে এই মাছটি কালো পোয়া বা লম্বু পোয়া নামে পরিচিত। এর ওজন সাধারণত ৪ থেকে সর্বোচ্চ ৪০ কেজি পর্যন্ত হতে পারে। এর ঔষধি গুণের কারণে আন্তর্জাতিক বাজারে এর মূল্য অনেক বেশি, তাই অনেকেই একে ‘সাগরের কালো সোনা’ বলে থাকেন। জেলেরা এমন মূল্যবান মাছ পাচ্ছেন, এটি নিঃসন্দেহে আমাদের মৎস্য খাতের জন্য একটি অত্যন্ত ইতিবাচক ও সুখবর।’