০৪ জুলাই ২০২৬, ১৬:৩৭

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি

ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ  © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ডিমের ন্যায্যমূল্য নিশ্চিত, বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ এবং পোল্ট্রি খাদ্য ও ওষুধের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন প্রান্তিক প্রান্তিক খামারিরা। প্রতিবাদের অংশ হিসেবে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শত শত ডিম ভেঙে কর্মসূচি পালন করেন। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিমুলতলী পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ প্রান্তিক খামারি অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া পোল্ট্রি খামারি মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, ‘পোল্ট্রি ফিড ও ওষুধের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। উৎপাদন খরচের তুলনায় বর্তমান বাজারে ডিম অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে। অথচ বড় বড় করপোরেট সিন্ডিকেটের কারসাজির কারণে খুচরা বাজারে সাধারণ ভোক্তাদের চড়া দামে ডিম কিনতে হচ্ছে।’

আরেক খামারি জোনায়েদ রুবেল গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে প্রান্তিক খামারিদের অবস্থা খুবই ভয়াবহ। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না। সিন্ডিকেটের কারণে প্রান্তিক খামারিরা পথে বসার উপক্রম হয়েছেন। তাদের বাঁচাতে বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট দ্রুত ভেঙে দেওয়ার দাবি জানান তিনি।’

আরও পড়ুন : চুলের যত্নে তিসিবীজ কতটা কার্যকর? জেনে নিন পুষ্টিগুণ ও ব্যবহারবিধি

বিক্ষোভে অংশ নেওয়া খামারিদের অভিযোগ, তারা কঠোর পরিশ্রম করে ডিম উৎপাদন করলেও এর প্রকৃত সুবিধা পাচ্ছেন না। বরং লাভবান হচ্ছে গুটিকয়েক সিন্ডিকেট ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে লোকসান গুনতে গুনতে অধিকাংশ প্রান্তিক খামারি চরম সংকটে পড়েছেন। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেশের পোল্ট্রি শিল্প ধ্বংসের মুখে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছিল। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’