০৪ জুলাই ২০২৬, ১২:৫২

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিদেশি পিস্তলসহ আটক আলী হোসেন  © সংগৃহীত

ময়মনসিংহ নগরীর বলাশপুর হাক্কানীর মোড় এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ আলী হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪। শুক্রবার (৩ জুলাই) রাতে র‌্যাব-১৪ সদর কোম্পানির একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক আলী হোসেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা।

শ‌নিবার সকা‌লে র‌্যাবের প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বলাশপুর হাক্কানীর মোড়ে একটি কৌশলগত চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় পথচারীর ছদ্মবেশে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে আলী হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে আমেরিকান একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটক ব্যক্তি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশে তিনি নিজের কাছে রেখেছিলেন।

র‌্যাব ১৪-এর সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন জানান, আটক ব্যক্তিকে উদ্ধার হওয়া অস্ত্রসহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে।

তিনি আরো জানান, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।