০৩ জুলাই ২০২৬, ১৯:৪৩

বাউফলে ভিন্ন পরিচয়ে ২ প্রকল্প বাগিয়ে নিলো একই প্রতিষ্ঠান, নানান অনিয়মের অভিযোগ

মৃধা বাড়ির মসজিদ ও ঈদগা মাঠ  © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফলে টিআর ও কাবিটা প্রকল্পের দুটি উন্নয়নকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠানের নামে দুটি পৃথক প্রকল্প দেখিয়ে সরকারি বরাদ্দের টাকা উত্তোলন করা হলেও বাস্তবে নির্ধারিত কাজ হয়নি।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরে বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে দুটি প্রকল্প গ্রহণ করা হয়। একটি প্রকল্পের নাম ‘চেয়ারম্যান বাড়ির হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মাঠে মাটি ভরাট’ এবং অন্যটি ‘সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা বাড়ির মসজিদ ও ঈদগা মাঠ উন্নয়ন’।

তবে সরেজমিনে দেখা যায়, প্রকল্প দুটির ঠিকাদার মূলত একই প্রতিষ্ঠান। সেখানে নতুন করে মাঠে মাটি ভরাটের কোনো কাজ হয়নি। শুধু মসজিদের ছাদের ওপর অ্যাঙ্গেল ও টিনের একটি ছাউনি নির্মাণ এবং ঈদগা মাঠের আগের সিসি ঢালাইয়ের ওপর সামান্য মেরামতের কাজ করা হয়েছে।

বাউফলের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, এতিমখানার মাঠে মাটি ভরাট প্রকল্পের জন্য ৪ লাখ টাকা এবং মসজিদ ও ঈদগাহ মাঠ উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ইতোমধ্যেই বাস্তবায়নকারী ব্যক্তি টাকা বুঝে পেয়েছেন। কাগজে-কলমে কাজ শেষ দেখিয়ে পুরো বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও ধুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জহির আহমেদ। তিনি বলেন, মাঠে মাটি ভরাটের বিষয়টি উপজেলা অফিসের টাইপিং ভুল হতে পারে। সরেজমিন পরিদর্শন করে পরে সাবেক অফিসার (পিআইও) বিল দিয়েছিলেন।

এ বিষয়ে সদ্য যোগ দেওয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রফিকুল ইসলাম এ বিষয়ে কথা বলতে রাজি হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন-রেকর্ড কথা বলেননি। তবে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।