ট্রাকের চাপায় সড়কে ঝড়ল দুই বন্ধুর প্রাণ
গাজীপুরের শ্রীপুরে রংসাইডে চলা মাছভর্তি একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের শিশুতোষ বিদ্যাঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে কাওসার আহমেদ (২৪) এবং একই এলাকার হাসান সিকদারের ছেলে সোলাইমান হোসেন (২২)। সোলাইমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং কাওসার একটি ফলের দোকানে কাজ করতেন।
নিহত কাওসারের বড় ভাই ফয়সাল আহমেদ জানান, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে সোলাইমানের মামার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। রাতের দিকে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে রংসাইডে দ্রুতগতিতে আসা মাছভর্তি একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে কাওসার ও সোলাইমান ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, তাদের সঙ্গে থাকা অপর মোটরসাইকেলের দুই আরোহী কিছুটা পেছনে থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। খবর পেয়ে রাতেই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাছভর্তি ট্রাকটি রংসাইডে চলছিল। এ কারণেই মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।