০৩ জুলাই ২০২৬, ০৯:০১

প্রভাবশালীদের দাপটে নিজ জমি হারিয়ে রাস্তায় বৃদ্ধা, সুষ্ঠু তদন্তের আশ্বাস প্রশাসনের 

উপজেলার নরুন্দি ইউনিয়ন  © সংগৃহীত

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের বাসিন্দা আমেনা বেগম (৬০) জমি দখলের অভিযোগে নিজ বাড়ি থেকে উচ্ছেদ হয়ে কয়েকদিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত উদ্যোগ নিয়ে তাঁকে পরিবারের ফিরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, স্বামীর মৃত্যুর পর আমেনা বেগম তাঁর স্বামীর রেখে যাওয়া বসতভিটায় বসবাস করছিলেন। সম্প্রতি ওই জমির ওপর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নজর পড়ে। তাদের চাপে ঘর ছাড়তে বাধ্য হয় সে। এরপর থেকে তিনি রাস্তার পাশে অবস্থান করছিলেন। পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের অভাবে চরম দুর্ভোগে পড়েন সাত সন্তানের এই জননী।

ঘটনার পর স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনিন আখতার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর নির্দেশনায় নরুন্দি ইউনিয়ন পরিষদের সচিব ও সংশ্লিষ্ট ইউপি সদস্যদের সমন্বয়ে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আমেনা বেগমের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক মানবিক সহায়তার ব্যবস্থা করে।

ইউএনও বলেন, আপাতত আমেনা বেগমকে তাঁর পরিবারের কাছে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর নিরাপত্তা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সমাজসেবা অধিদপ্তর তাঁর চিকিৎসার দায়িত্ব নেবে বলেও তিনি জানান।

এ দিকে মাথা গোঁজার ঠাঁই ফিরে পাওয়ার আশ্বাসে আমেনা বেগম প্রশাসন ও স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রাও প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে জমি দখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং স্থায়ী আইনি সমাধানের দাবি জানিয়েছেন।