পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল স্বামীর, স্ত্রী হাসপাতালে
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী ও আফড়া এলাকার মধ্যবর্তী স্থানে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জোহান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্ত্রী সেতু (২৭) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত জোহান কুষ্টিয়া বাসস্ট্যান্ড এলাকার মোশারফ হোসেনের ছেলে এবং আহত সেতু একই জেলার দক্ষিণ ভবানীপুর এলাকার আজিজুল হক টিটুর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জোহান ও তার স্ত্রী কালুখালী থেকে মোটরসাইকেলে করে রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় সেতুর বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মুরগির খাঁচাবাহী একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং জোহান জঙ্গলসংলগ্ন পানিভর্তি খালে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সেতুকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।