০২ জুলাই ২০২৬, ২১:২৩

সিলেটে সাদাপাথরে গোসল করতে নেমে চিকিৎসক নিখোঁজ

নিখোঁজ ডা. সুব্রত সাহা বিকাশ  © টিডিসি ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে সুব্রত সাহা বিকাশ নামে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে সাদাপাথরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ডা. সুব্রত সাহা বিকাশ (৩৩) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তারা চার বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখার জন্য আসছিলেন।

জানা যায়, দুপুরে সাদাপাথর পর্যটন কেন্দ্রে বিজিবির ক্যাম্পের সামনে সব্রতসহ তার বন্ধুরা গোসল করতে নামেন। নদীতে সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পানির প্রবল স্রোতের মধ্যে চলে যায় তারা। এ সময় অন্য দুজন তীরে উঠতে পারলেও সুব্রত প্রবল স্রোতে তলিয়ে যান।

নিখোঁজের পর থেকে কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারে কাজ করছে। তবে সন্ধ্যা পর্যন্ত কোন সন্ধান মিলেনি। 

ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম গণমাধ্যমে জানান, ‘সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা করছে।’