০২ জুলাই ২০২৬, ১৩:২৯

মোটরসাইকেল চালাচ্ছিল স্কুলছাত্র, মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষে গেল প্রাণ

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল (ইনসেটে নিহত তানজিম ইসলামের মরদেহ)  © সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর এলাকায় মোটরসাইকেল চালানোর সময় মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শেখ তানজিম ইসলাম রাজ (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনার পর মাহিন্দ্রার চালক পালিয়ে গেলে তাকে শনাক্ত ও আটকের চেষ্টা করছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাগেরহাট-ফকিরহাট আন্তঃজেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিম ইসলাম রাজ বাগেরহাট জেলার সুন্দরঘোনা এলাকার সুলতান শেখের ছেলে।

পুলিশ জানায়, পিরোজপুর-ল-১১-১১২৯ নম্বরের একটি মোটরসাইকেলে করে রাজ বাগেরহাট থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথে রণবিজয়পুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শেখ তানজিম ইসলাম রাজ ঘটনাস্থলেই নিহত হয়। 

দুর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। তবে সংঘর্ষের পর মাহিন্দ্রার চালক যানবাহনটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বলেন, ওই ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। পলাতক মাহিন্দ্রার চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।