ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চমকফুল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চলতি বছরে এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হলো।
মৃত চমকফুল জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গাজিরপাড়া এলাকার বাসিন্দা।
বুধবার (১ জুলাই) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃত চমকফুল গত ২৭ জুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের মেডিসিন ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়। পরে তার অবস্থার অবনতি হলে ২৮ জুন হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তিনি মারা যায়।
হাসপাতাল সুত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জন ভর্তি হয়েছেন। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৩ জন। তাদের মধ্যে পুরুষ ৯ জন, নারী ৩ জন, শিশু ১ জন। তাদের মধ্যে চিকিৎসাধীন একজন পালিয়ে গেছেন। চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৩ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৫ জন।