৩০ জুন ২০২৬, ১৭:২২

ব্রিটিশ থেকে বাংলাদেশ—তিন আমলে কক্সবাজারের তিন মন্ত্রী

খান বাহাদুর মৌলভী জালাল উদ্দিন আহমদ, সালাহউদ্দিন আহমদ ও মৌলভী ফরিদ আহমদ  © সংগৃহীত

কক্সবাজার শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ব্রিটিশ শাসনামল, পাকিস্তান যুগ এবং স্বাধীন বাংলাদেশ—এই তিন ভিন্ন রাজনৈতিক পর্বে কক্সবাজারের তিন কৃতিসন্তান জাতীয় পর্যায়ে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করে জেলার নাম উজ্জ্বল করেছেন। তারা হলেন খান বাহাদুর মৌলভী জালাল উদ্দিন আহমদ, মৌলভী ফরিদ আহমদ এবং সালাহউদ্দিন আহমদ।

ব্রিটিশ আমলে স্বাস্থ্যমন্ত্রী জালাল উদ্দিন আহমদ
চকরিয়া উপজেলার হারবাংয়ের কৃতী সন্তান খান বাহাদুর মৌলভী জালাল উদ্দিন আহমদ (১৮৯০-১৯৫৮) ছিলেন ব্রিটিশ ভারতের একজন প্রভাবশালী রাজনীতিবিদ, আইনজীবী ও সমাজসেবক। তিনি অবিভক্ত বাংলার আইনসভা বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে বাংলার স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

রাজনৈতিক প্রজ্ঞা, প্রশাসনিক দক্ষতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তিনি তৎকালীন সময়ে বিশেষ পরিচিতি অর্জন করেন। ব্রিটিশ আমলে কক্সবাজার অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্বের অন্যতম উজ্জ্বল প্রতিনিধি ছিলেন তিনি।

ভাষা আন্দোলনের পথিকৃৎ ও পাকিস্তানের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ফরিদ আহমদ
পাকিস্তান আমলে কক্সবাজারের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি মৌলভী ফরিদ আহমদ (১৯২৩-৭১)। তিনি ছিলেন একাধারে ছাত্রনেতা, ভাষা সংগ্রামী, আইনজীবী, ক্রীড়া ধারাভাষ্যকার এবং জাতীয় নেতা। ১৯৪৫-৪৭ মেয়াদে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৭ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম রাষ্ট্রভাষা জনসভায় বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার ঐতিহাসিক লিখিত প্রস্তাব পেশ করে তিনি ভাষা আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নেন।

রাজনৈতিক জীবনে তিনি নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৪ সালে এমএলএ এবং ১৯৫৫ সালে এমএনএ নির্বাচিত হওয়ার পর ১৯৫৭ সালে পাকিস্তানের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী হিসেবে শপথ নেন। পরবর্তীতে জাতীয় পরিষদের সদস্য, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান এবং পূর্ব পাকিস্তানের সম্মিলিত বিরোধী দলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। আইয়ুববিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য তাঁকে কারাবরণ করতে হয়েছিল।

স্বাধীন বাংলাদেশে পূর্ণমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে কক্সবাজারের অন্যতম পরিচিত মুখ সালাহউদ্দিন আহমদ। পেকুয়ার এই কৃতী সন্তান সরকারি চাকরি থেকে রাজনীতিতে এসে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়ে কক্সবাজার অঞ্চলের সড়ক, সেতু ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়।

বর্তমান সরকারে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে কক্সবাজার জেলার প্রথম পূর্ণমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। জাতীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার কারণে তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

তিন ভিন্ন শাসনব্যবস্থা ও রাজনৈতিক বাস্তবতায় দায়িত্ব পালনকারী এই তিন মন্ত্রী কক্সবাজারের রাজনৈতিক ইতিহাসে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। ব্রিটিশ আমলে জালাল উদ্দিন আহমদ, পাকিস্তান আমলে ফরিদ আহমদ ও স্বাধীন বাংলাদেশে সালাহউদ্দিন আহমদের মন্ত্রিত্ব কক্সবাজারের রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতাকেই তুলে ধরে। তাদের নেতৃত্ব, অবদান এবং কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।