৩০ জুন ২০২৬, ০০:২৫

গভীর সমুদ্রে গিয়ে বিকল নৌকা, মোবাইলকলের পরে উদ্ধার ১০ জেলে

১০ জেলেকে জীবিত উদ্ধার  © সংগৃহীত

সেন্টমার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১০ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সমুদ্রে আটকে পড়া এক জেলের মোবাইল ফোনে সহায়তার আবেদন পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করা হয়।

সোমবার (২৯ জুন) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গত ২৫ জুন টেকনাফের শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামের একটি ফিশিং বোট ১০ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়।

সোমবার সকাল ৯টার দিকে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে।

এ অবস্থায় দুপুর ১টার দিকে বোটে থাকা এক জেলে মোবাইল ফোনে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সঙ্গে যোগাযোগ করে সহায়তা চান।

খবর পাওয়ার পর কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে বিকল ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।

উদ্ধার অভিযান শেষে ফিশিং বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানায়, সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।