শেরপুরে পাইপগানসহ যুবক আটক
ভারত সীমান্তঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় অভিযান চালিয়ে একটি দেশি পাইপগানসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৮ জুন রাত আটটার দিকে উপজেলার নওকুচি কোচপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি মো. পিয়ার আলী (৩২)। তিনি উপজেলার নওকুচি কোচপাড়া গ্রামের বাসিন্দা ও মো. ফজল আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৩৯ ব্যাটালিয়নের নকশী বিওপির একটি টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্তের ১১০৫ নম্বর পিলার থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নওকুচি কোচপাড়া এলাকায় পিয়ার আলীকে একটি দেশি পাইপগানসহ আটক করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির পক্ষ থেকে একটি পাইপগানসহ আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।