২৯ জুন ২০২৬, ১৪:২৪

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ  © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মো. ইলিয়াছ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ছৈয়দাবাদ গ্রামের ফুলন বাবুর পুকুর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. ইলিয়াছ একই এলাকার মৃত মোখলেছুর রহমান পুত্র। এ ছাড়াও তিনি প্রায় সময় দেশীয় চোলাই মদ পান করে যত্রতত্র পড়ে থাকতেন বলে জানা গেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. ইলিয়াছ গত শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। প্রায় দুই সপ্তাহ পূর্বে তার ব্যবহৃত ফোনটি হারিয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। সোমবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহটি উদ্ধার করেন।

আরও জানা যায়, তিনি প্রায় সময় দেশীয় চোলাই মদ পান করে যত্রতত্র পড়ে থাকতেন। পরিবার, স্থানীয় ও পুলিশের ধারণা তিনি মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে যান। এতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় পুলিশ মরদেহটি স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করেন।

ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, তিনি প্রায় সময়ই মদ্যপান করে যত্রতত্র শুয়ে থাকতেন। আমাদের ধারনা, শনিবার রাতে তিনি মদ্যপান করে বাড়ি ফেরার পথে রাস্তার পাশের পুকুরে পড়ে যান। এতে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, নিহত বৃদ্ধ নিয়মিত মদ্যপান করতেন এবং মদ্যপ অবস্থায় তিনি পুকুরে পড়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।