২৯ জুন ২০২৬, ০৮:৪০

বিআরটিসির যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

যাত্রীবাহী বিআরটিসি বাস উল্টে আহত ১৫  © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে বিআরটিসি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গিয়ে ১৫ জন আহত হয়েছে এদের মধ্যে চারজন গুরুতর। 

রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬ টার দিকে মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের শেরপুর দিঘীরপাড় এলাকায়। এ দুর্ঘটনার খবর পেয়ে মহাদেবপুর সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। 

আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা প্রদান করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তারা হলেন, সাপাহার উপজেলার মৃত মনিজের ছেলে আশরাফুল ইসলাম, আব্দুর রহিমের ছেলে বেলাল হোসেন, পত্নীতলা উপজেলার মৃত সানাউল্লাহর ছেলে রেজওয়ান ও ক্ষিতীশ চন্দ্রের ছেলে বাঁধন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা বিআরটিসির যাত্রীবাহী বাসটি সাপাহার যাচ্ছিল। পথে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের শেরপুর দিঘীরপাড় এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকেই ট্রাক্টর দিয়ে মাটি বহন করায় বিকালে বৃষ্টির ফলে সড়কের উপর কাদায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।