২৮ জুন ২০২৬, ১২:৫৮

কক্সবাজারে সমুদ্রসৈকতে স্রোতের টানে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার করছে উদ্ধারকারী দল  © সংগৃহীত

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হওয়া পর্যটক মো. সায়েমের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় এক দিন পর রামুর সোনারপাড়া এলাকার প্যারাবন থেকে তার মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল।

রবিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে রামুর সোনারপাড়া এলাকার রেজু খাল ব্রিজসংলগ্ন প্যারাবন থেকে উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে।

কক্সবাজার জেলা প্রশাসনের বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মী বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রমের জন্য মরদেহ রামু থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, গতকাল শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সমুদ্রসৈকতের নৌবাহিনীর জেটি-সংলগ্ন এলাকায় বন্ধু আরমানের সঙ্গে গোসল করতে নামেন সায়েম। একপর্যায়ে প্রবল স্রোতের টানে তিনি পানিতে তলিয়ে যান। বন্ধুর চেষ্টা এবং স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা সত্ত্বেও সেদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে। রাতভর অনুসন্ধান চালানোর পর রবিবার সকালে ঘটনাস্থল থেকে কিছু দূরে রামুর সোনারপাড়া এলাকার প্যারাবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনার পর সমুদ্রসৈকতে ভ্রমণকারীদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে লাইফগার্ড ও বিচকর্মীদের নির্দেশনা মেনে চলা এবং নির্ধারিত নিরাপদ এলাকার বাইরে সমুদ্রে না নামার পরামর্শ দেওয়া হয়েছে।