২৮ জুন ২০২৬, ০৭:২৯

মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ

মেট্রোরেল চলাচল বন্ধ  © সংগৃহীত

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যের সামনে মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে যাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ রেখেছে মেট্রোরেল চলাচল। 

রবিবার (২৮ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আর্জেন্টিনা খেলা দেখতে রাজধানীর টিএসসি এলাকায় অনেক দর্শক-সমর্থক জড়ো হন। এ সময় একগুচ্ছ নীল-সাদা গ্যাস বেলুন উড়ে এসে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার) সঙ্গে গিয়ে আটকে যায়।

বেলুনগুলো বৈদ্যুতিক তারে আটকে থাকায় স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং উত্তরা থেকে মতিঝিলগামী একটি মেট্রোরেল ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে এসে থেমে যায়।

সংশ্লিষ্টরা জানান, ওভারহেড ক্যাটেনারি লাইনে বাইরের কোনো বস্তু আটকে থাকলে ট্রেনের প্যান্টোগ্রাফ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া স্পার্কিংয়ের ঝুঁকিও থাকে। এ ধরনের পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পুরো এলাকা নিরাপদ ঘোষণা করার পরই ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলে জানান তারা।

পরে বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশ কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর মো. মাসুদ রানা বলেন, টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য অংশে এই ঘটনা ঘটে। মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়।

এরপরই বেলুন অপসারণের কাজ শুরু হয়। সকাল ৭টার দিকে বেলুন অপসারণের কাজ শেষ হলে মেট্রো চলাচল শুরু হয় বলে জানান তিনি।