আগুনে পুড়ল অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টার চেম্বার
রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনের আল বারাকা টাওয়ারে আগুনে পুড়ে গেছে অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের আইনজীবী চেম্বার। এ ঘটনায় চেম্বারে কর্মরত আব্দুস সালাম (২০) ও জনি (২৪) নামে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। পাশাপাশি চেম্বারে থাকা বিপুল পরিমাণ মূল্যবান বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও আগুনে পুড়ে গেছে।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত চেম্বারটি ছিল অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের। তার মৃত্যুর পর ছেলে ব্যারিস্টার মোয়াজ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান যৌথভাবে চেম্বারটি পরিচালনা করছিলেন।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সময় আব্দুস সালাম ও জনি চেম্বারের ভেতরেই ছিলেন। প্রাণ বাঁচাতে তারা একটি বাথরুমে আশ্রয় নেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনাস্থলে থাকা ভবনটির এক আইনজীবীর গানম্যান সরোয়ার বলেন, ‘ভেতরে থাকা দুজনই হয়তো বাঁচার জন্য বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। ধোঁয়ায় অক্সিজেনের ঘাটতি হওয়ায় শ্বাসরোধে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। চেম্বারে থাকা লাখ লাখ টাকার মূল্যবান বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে গেছে।’