নাশতা করতে এসে রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার একটি রেস্টুরেন্টে নাশতা করতে এসে দেড় থেকে দুই বছর বয়সী এক শিশুকে রেখে চলে গেছে একটি বিদেশি পরিবার। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডের মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। তবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের ধারণা, অসাবধানতাবশত শিশুটিকে ফেলে চলে যায় পরিবারটি।
রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিদেশি পরিবারটি প্রায় ১৫ জন সদস্য নিয়ে দুটি গাড়িতে করে এসে জাইতুন রেস্তোরাঁয় বসে নাশতা করছেন । এ সময় তারা গল্প-আড্ডায় মেতে ছিলেন। যাওয়ার সময় ভুলক্রমে বাচ্চাটিকে রেস্টুরেন্টের ভেতরে ফেলেই চলে যায় পরিবারটি।
জাইতুন রেস্তোরাঁর স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, আমরা এ বিষয়ে সদর দক্ষিণ থানায় অবহিত করেছি। বাচ্চাটি বর্তমানে আমাদের রেস্টুরেন্টে আছে। পরিবারটিকে ফিরে পেতে সবার সহযোগিতা চাইছি। বাচ্চাটির বয়স দেড় থেকে দুই বছর। সে কোনো কথা বলে না এবং নাম বলতে পারে না ।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার ডিউটি অফিসার এসআই শাহানা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি সকাল সাড়ে ৮টা অফিস করছি। এমন কোনো তথ্য থানায় আসেনি।