২৭ জুন ২০২৬, ০৮:৩০

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল চার শ্রমিকের

সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মৃত্যু  © টিডিসি ফটো

চট্টগ্রাম মহানগরীর কদমতলী এবং জেলার রাউজানে পৃথক দুটি ঘটনায় সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে কদমতলীর ধনিয়ালাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা যান নির্মাণশ্রমিক সাকিব ও হৃদয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম। তিনি জানান, ধনিয়ালাপাড়ার ছোট মসজিদ বাই লেনে আমেরিকান বিল্ডিং ও লাকি ম্যানসনের পাশের একটি নির্মাণাধীন বহুতল ভবনের নিচতলার সেপটিক ট্যাংকে কাজ করতে নামলে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

অন্যদিকে, একই সময়ে রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে প্রাণ হারান প্রদীপ দাস ও সমিরন দাস।

রাউজান থানা পুলিশ জানায়, সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, দুটি ঘটনার কারণ ও প্রয়োজনীয় আইনগত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।