২৬ জুন ২০২৬, ১৮:৪৯

স্কুল থেকে ফিরে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি  © সংগৃহীত ও সম্পাদিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘরের আরার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নন্দিতা রায় (১৫) নামের এক নবম শ্রেণির ছাত্রী। শুক্রবার (২৬ জুন) দুপুর ১টায় কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নন্দিতা রায় ধারাবাশাইল গ্রামের নিমাই রায়ের মেয়ে এবং কোটালীপাড়া ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পিতা নিমাই রায় বলেন, আমার মেয়ে নন্দিতা প্রতি শুক্রবার কান্দি মিশনের স্কুলে যায়। স্কুল থেকে এসে ঘরে ঢুকলো। আমি বললাম, ‘মা তুই তরকারি রান্না কর। আমি জাল দেখতে যাই।’ সেও বললো, ‘তুমি যাও। আমি কলা তরকারি কাটি, আর মাছ কাটি।’ এরপর এসে দেখি ঘরের দরজা বন্ধ। দরজা ধাক্কা দিয়ে দেখি ঘরের পাইরের সাথে ঝুলে আছে সে। কোন কারণে গলায় ফাঁস দিলো কিছুই বুঝতে পারছি না।

কোটালীপাড়া থানার এসআই শহিদুল বলেন, নন্দিতা রায়ের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।