২৬ জুন ২০২৬, ০৯:২৩

সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, শিশুসহ ৯ বাংলাদেশি আটক

চার শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক  © টিডিসি ছবি

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি টহলদল হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। রাত ৯টার দিকে আটক ব্যক্তিদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন ভোলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়ন তারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। তাদের সঙ্গে থাকা চার শিশুকেও আটক করা হয়েছে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে নিয়ে যাওয়ার চুক্তি করেন তারা। সেই অনুযায়ী বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীতে আসেন।

পরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে অবস্থান নেন। তবে বিজিবির কঠোর নজরদারির কারণে সেদিন রাতে সীমান্ত অতিক্রম করতে পারেননি। বৃহস্পতিবার রাতে ভারতে প্রবেশের পরিকল্পনা থাকলেও তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, আটক ৯ জনের মধ্যে চারজন শিশু রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত মানবপাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।