২৬ জুন ২০২৬, ০৭:২৪

রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে আজ

সড়ক বন্ধ থাকবে রাজধানীর  © সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মিছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত রাজধানীর লালবাগ বিভাগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

আজ শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত লালবাগ বিভাগের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

শুক্রবারের মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে হোসেনি দালান রোড, বকশি বাজার লেন, আলিয়া মাদরাসা মোড়, বকশি বাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা মোড়, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নিউমার্কেট মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সাইন্স ল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর সড়ক, বিজিবির ৪ নম্বর গেট ও সাত মসজিদ রোড হয়ে ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড পর্যন্ত যাবে।

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ নগরবাসী ও মোটরযান চালকদের এ সময় বিকল্প সড়ক ব্যবহার করার পাশাপাশি ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।