২৫ জুন ২০২৬, ২২:২৬

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার ২দিন পর

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার ২দিন পর  © সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন নগরী কুয়াকাটার লেম্বুরবন সংলগ্ন সৈকত থেকে শাহাবুদ্দিন (৫৫) নামে এক নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত শাহাবুদ্দিন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা আমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন গঙ্গামতি এলাকা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে ছয় জেলেকে নিয়ে একটি ট্রলার গভীর সমুদ্রে যায়। সকাল ১০টার দিকে হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি। এ সময় উত্তাল ঢেউয়ের আঘাতে শাহাবুদ্দিন ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান।

ঘটনার পর সহকর্মী জেলেরা তাকে উদ্ধারের জন্য ব্যাপক চেষ্টা চালালেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় ট্রলার মালিক জালাল বিশ্বাস মহিপুর থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন।

নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় লেম্বুরবন সংলগ্ন সৈকতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সমুদ্রে নিখোঁজ হওয়া জেলে শাহাবুদ্দিনের মরদেহ। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’