২৫ জুন ২০২৬, ১৯:৫১

গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর মৃত্যু

প্রতীকী ছবি  © সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে একই পরিবারের তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার মধ্যপাড়া ভাদুরিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার হরিরামপুর ইউনিয়নের গুড়গুড়ি গ্রামের দুলাল হোসেনের দুই মেয়ে দুলালী খাতুন (২৪) ও সুরভী (১৩) এবং তার পুত্রবধূ সুমাইয়া আক্তার ওরফে আকলিমা (১৯)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত দুই বোন দুলালী ও সুরভী তাদের মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করতেন। কিছুদিন আগে তারা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাতেই আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে তাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল।

দুপুর সোয়া ১টার দিকে সুমাইয়া আক্তার তার দুই ননদকে নিয়ে বাড়ির পাশের করতোয়া নদীতে (স্থানীয়ভাবে কান নদী নামে পরিচিত) গোসল করতে যান। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় তাদের খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা।

একপর্যায়ে ভাই তহিদুল ইসলাম নদীর পাড়ে গিয়ে তিনজনের ওড়না পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে নদীতে নেমে তল্লাশি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

পার্বতীপুর মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।