২৪ জুন ২০২৬, ১৭:৫৮

চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গার ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার  © সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখা একটি বোমাসদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে কয়েকজন ব্যক্তি মৎস্য অবতরণ কেন্দ্রের প্রবেশপথের পাশে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন। বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে মৎস্য কমিটির সদস্যদের অবহিত করলে নিরাপত্তার স্বার্থে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দর্শনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ কয়েকজন নেতা দাবি করেন, উদ্ধার হওয়া বস্তুটিতে ‘জয় বাংলা’ লেখা থাকায় এটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকদের কোনো নাশকতামূলক পরিকল্পনার অংশ হতে পারে বলে তাদের ধারণা।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে। সেটি থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।