মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি। বুধবার (২৪ জুন) সকালে শহরের পাঁচুরিয়া এলাকা থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে এসব অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, বিএনপি নেতা জিয়াউল কবির বিপ্লব, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান দারা এবং জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।