টঙ্গীতে আগুনে পুড়ে ছাই ২৫ বসতঘর
গাজীপুর মহানগরের টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৪ জুন) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৬টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে একই মালিকানাধীন প্রায় ২৫টি টিনশেড ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাদের দ্রুত তৎপরতায় প্রায় ১ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।