২৪ জুন ২০২৬, ১২:০৮

মিরসরাই সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

জব্দ করা ভারতীয় পণ্য  © সংগৃহীত

মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা-পুলিশের অভিযানে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) উপজেলার সীমান্তবর্তী করেরহাট এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাসও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আটটার দিকে ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ পণ্য বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ করেরহাট এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। একপর্যায়ে একটি হাইস গাড়ি (ঢাকা মেট্রো-চ ১৩-৫১৬০) পুলিশের সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে পুলিশ ধাওয়া করলে গাড়িটি হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর এলাকায় পৌঁছে চালক অবৈধ মালামালসহ গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করে।

জব্দ করা  পণ্যের মধ্যে রয়েছে ১৫০টি হরলিকস, ১৪৪ পিস নবরত্ন তেল, ১ হাজার ৫১২ পিস কিটক্যাট চকলেট, ১ হাজার ৪০ পিস স্নিকার্স (ছোট-বড়) চকলেট এবং ২ হাজার ৫২০ পিস ডেইরি মিল্ক চকলেট। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা।

এ ছাড়া চোরাচালান কাজে ব্যবহৃত হাইস গাড়িটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামাল ও গাড়ির মোট মূল্য প্রায় ৩৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, ‘দীর্ঘদিন ধরে মিরসরাইয়ের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশের তথ্য পাওয়া যাচ্ছিল। এ কারণে ওই এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, গাড়ির চালক পালিয়ে গেলেও গাড়ির মালিক ও চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।