রাজধানীতে হাসপাতালে গ্যাস সিলিন্ডার ‘বিস্ফোরণে’ শিশু নিহতের অভিযোগ
রাজধানীর শ্যামলীতে একটি হাসপাতালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যার দিকে শ্যামলী বেবী কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর পরিবার লক্ষ্মীপুর থেকে তার চিকিৎসার জন্য এসেছিল। তাৎক্ষণিকভাবে শিশুর বাবার বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
তিনি জানান, শিশুর চিকিৎসা চলাকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় বাচ্চাটির মৃত্যু হয়।
অভিযোগের বিষয়ে হাসপাতালের মালিকপক্ষের দাবি, প্রতিষ্ঠানটিতে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। বরং হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ কক্ষে গ্যাস সিলিন্ডারের একটি পাইপ লিকেজ থেকে দুর্ঘটনা ঘটেছে। একই সময়ে পরিস্থিতি খারাপ হলে শিশুটির মৃত্যু হয়।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রোগীর স্বজনরা বিস্ফোরণের অভিযোগ করলেও আমরা তেমন আলামত পাইনি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি গ্যাস লিকেজ হয়েছে। তবে রোগীর স্বজনরা যদি লিখিত অভিযোগ করে, তাহলে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নিব।