৩ দিনের ব্যবধানে এক উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে ২ ইমাম আটক
ময়মনসিংহের ত্রিশালে ১০ বছর বয়সি এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মণ্ডল জামে মসজিদ থেকে তাকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক মো. ইব্রাহিম ওই মসজিদের ইমাম। তার বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বলেন, স্থানীয় লোকজন অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় ১০টার দিকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এলাকাবাসীর দাবি, আটকের পর উপস্থিত লোকজনের প্রশ্নের মুখে অভিযুক্ত ব্যক্তি বিষয়টি স্বীকার করেছেন।
এর তিন দিন আগে, গত ২০ জুন একই উপজেলায় সাড়ে ৪ বছর বয়সি এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে অন্য একটি মসজিদের ইমাম শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। তিন দিনের ব্যবধানে একই উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে আরেক ইমাম আটকের ঘটনা ঘটলো।