উখিয়ায় ইয়াবাসহ চার ভাই-বোন আটক
কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর একটি অভিযানে ৫৯৫টি ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোনকে আটক করা হয়েছে। রবিবার (২১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে উখিয়া উপজেলার একটি যৌথ বাহিনীর চেকপোস্টে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি সিএনজি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে ৫৯৫টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক বহনের অভিযোগে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বান্দরবানের আলীকদম উপজেলার পালংপাড়া এলাকার বাসিন্দা মো. মুফিজুল ইসলামের ছেলে মো. ইলিয়াস (২৪) এবং তার তিন বোন তাসলিমা আক্তার (২৩), তাহমিনা আক্তার (২০) ও সাকিলা আক্তার লাখি (১৯)। তারা পরস্পরের সহোদর বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযান শেষে উদ্ধার হওয়া ইয়াবা ও আটক চারজনকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে যৌথ বাহিনীর নিয়মিত তৎপরতা ইতিবাচক ভূমিকা রাখছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।