গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো. মোশারেফ হোসেন মোল্লার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিন এবং ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মো. মোশারেফ হোসেন মোল্লা।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন মোল্লার সামাজিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করছে। তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তারা।
পরে মানববন্ধন শেষে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ, প্রকৃত ঘটনা তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।