২১ জুন ২০২৬, ০৯:৪৭

অনেক নাটকীয়তার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে নারী সদস্য সেলী

সংরক্ষিত নারী সদস্য তাসমিম তানহা সেলী  © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে দাশপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী সদস্য তাসমিম তানহা সেলী। তিনি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য। নানা নাটকীয় ঘটনার পর শনিবার (২০ জুন) পরিষদের ১৫ জুনের সাধারণ সভার একটি রেজুলেশন বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। 

ওই রেজুলেশনে উল্লেখ করা হয়, সাধারণ সভায় প্যানেল পুনর্গঠন ও পরিবর্তনের প্রস্তাব উত্থাপিত হলে অধিকাংশ সদস্য তা সমর্থন করেন। পরে প্যানেল-১ হিসেবে নির্বাচিত হন তাসমিম তানহা সেলী। চেয়ারম্যানের অনুপস্থিতিতে তিনি বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

তাসমিন তানহা সেলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলতাফ মুন্সির পুত্রবধূ। তার স্বামী কামাল মুন্সি যুবদলের প্রস্তাবিত কমিটিতে সভাপতি পদে রয়েছেন।

এর আগে গত ১৬ জুন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আল মামুন এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য রাবেয়া বসরী চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেনের অপসারণ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সদস্যদের স্বাক্ষরসংবলিত অনাস্থা প্রস্তাব জমা দেন। তবে কয়েকজন সদস্য অভিযোগ করেন, এক বিএনপি নেতার চাপে তাদের স্বাক্ষর দেওয়াতে বাধ্য করা হয়েছে।

পরদিন ১৭ জুন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের কক্ষ থেকে বের করে দিয়ে কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ সময় পরিষদ প্রাঙ্গণে বিএনপির কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। একই ঘটনায় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সাইফুল ইসলাম মামুনকে মারধরের অভিযোগও ওঠে।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষা নাকি এসএসসির ফল— একাদশে এবারের ভর্তি কীভাবে?

সাইফুল ইসলামের দাবি, ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরীর নেতৃত্বে কয়েকজন তাকে মারধর করেন। এ বিষয়ে তিনি ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। যদিও ১৮ জুন ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আলী আজম চৌধুরী এসব ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেন।

এদিকে ইউনিয়ন পরিষদে সংঘটিত ঘটনাগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, প্যানেল পরিবর্তনের বিষয়টি সত্য। তবে তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করে হয়েছে কিনা, তা যাচাই করা হবে। এছাড়া উদ্যোক্তাকে মারধর ও ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার ঘটনার তদন্তও চলমান রয়েছে বলে তিনি জানান।