২০ জুন ২০২৬, ২২:৪৩

ভোলায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ১৪শ কেজি পলিথিন জব্দ

ভোলায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ১৪শ কেজি পলিথিন জব্দ  © টিডিসি সম্পাদিত

ভোলার লালমোহনে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় পলিথিন মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলম সুপার মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ১ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ পলিথিন মজুত রাখার অপরাধে সংশ্লিষ্ট মালিকপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করে। জব্দ করা পলিথিন পরবর্তী ধ্বংসের জন্য ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশের ক্ষতি রোধ এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও মজুত বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।