গাজীপুরে টায়ার-তেল কারখানায় আগুন
গাজীপুর মহানগরীর পুবাইল কলেজ গেট এলাকায় পুরোনো টায়ার থেকে তেল (ফার্নেস অয়েল) উৎপাদনকারী একটি কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) দুপুর সোয়া ২টার দিকে ‘অটো গ্রিন’ নামে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, পুবাইল কলেজ গেট এলাকার ‘অটো গ্রিন’ কারখানাটিতে পুরোনো টায়ার গলিয়ে তেল উৎপাদন করা হতো। কারখানায় ব্যবহৃত বয়লারটি অতিরিক্ত তাপমাত্রার কারণে হঠাৎ বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। বিস্ফোরণের পরপরই কারখানার বিভিন্ন অংশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানাটিতে পুরোনো টায়ার, মবিলসহ বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়।
আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। ধোঁয়া আশপাশের পুরো এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই নিরাপদ স্থানে সরে যান।
স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, কারখানাটি দীর্ঘদিন ধরে পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল উৎপাদন করে আসছিল। এর ফলে এলাকায় তীব্র দুর্গন্ধ ও কালো ধোঁয়ার সমস্যা তৈরি হচ্ছিল। তারা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এ ধরনের কারখানাকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস বেলা সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নেভানোর পর কারখানার ভেতরের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শাহিন আলম বলেন, এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নেভানোর পর ভেতরে তল্লাশি চালিয়ে বিস্তারিত পরিস্থিতি জানা যাবে।
এ ঘটনায় কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশগত ঝুঁকি এবং অনুমোদনসংক্রান্ত বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।