১৯ জুন ২০২৬, ২২:২২

পারিবারিক অভিমানে ১২ বছরের কিশোরীর মৃত্যু

প্রতীকী ছবি  © সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১২ বছর বয়সী এক কিশোরী। নিহত মোছা. মনোয়ারা আক্তার (মনি) উপজেলার ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়নের (দোহলপাড়া) এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে ছোট ভাইয়ের সঙ্গে খেলাকে কেন্দ্র করে এবং ভুট্টা বিক্রির বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হয় মনির। পরে অভিমান করে নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস দেয় সে।

পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। পরে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৪নং খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনি দুই বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় সন্তান।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এনেছে। পরিবারের সদস্য ও স্বজনরা কিশোরীর অকাল মৃত্যুতে গভীরভাবে মর্মাহত।