১৯ জুন ২০২৬, ১২:১১

খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ, আটক ১

খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল জব্দ  © টিডিসি ফটো

শেরপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়েছে। এ সময় সরকারি চালের বস্তা পরিবর্তনের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার পৌর শহরের চাপাতলী জেলা পরিষদ মোড় এলাকার জেরিন রাইস প্রসেসিং (পুষ্টি চাল মিশ্রণ মিল)-এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তা চাল জব্দ করা হয়। এসব বস্তায় মোট ৩৩ হাজার ১০০ কেজি চাল ছিল, যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা।

অভিযান চলাকালে শেরপুর সদর উপজেলার কসবা ভাটিপাড়া গ্রামের মো. বোরহান উদ্দিন (৪২) কে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি ৫০ কেজির সরকারি চালের বস্তা খুলে ৩০ কেজির নতুন বস্তায় ভরার কাজ করছিলেন। অভিযানের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানা যায়, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ কেজির চাল ছোট ৩০ কেজির বস্তায় ভরে নতুনভাবে বাজারজাত করার প্রস্তুতি চলছিল। উদ্ধার হওয়া ৩০ কেজির বস্তাগুলোতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি-২০২৬ সালের জুন মাস’ লেখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরোনো বছরের (২০১৯-২০২৫) বস্তার চাল কম দামে সংগ্রহ করে ২০২৬ সালের নতুন বস্তায় ভরে অধিক দামে বিক্রির পরিকল্পনা করা হয়েছিল।

আরও পড়ুন: যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

অভিযানের সময় শেরপুর পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার উপস্থিত ছিলেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। প্রশাসনকে অবহিত করার পর সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ৩৩ টন ১০০ কেজি সরকারি খাদ্য কর্মসূচির চাল জব্দ করা হয়েছে। পাশাপাশি গোডাউনটি সিলগালা করা হয়েছে। সরকারি এই চাল সেখানে কীভাবে এবং কেন মজুদ করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্টরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।’

তিনি আরও জানান, আটক বোরহান উদ্দিনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। জব্দকৃত চাল ও অন্যান্য মালামালের বিষয়ে মামলা দায়েরের পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।