কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড
পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও মদসহ সাত যুবককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) কুয়াকাটার একটি আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
অভিযানকালে অভিযুক্ত যুবকদের কাছ থেকে ২৫টি ইয়াবা, গাঁজা ও হুইস্কি জব্দ করা হয়। পরবর্তী সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কলাপাড়া থানায় একটি পৃথক মামলাও দায়ের করেছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আরিফ বেপারী (২২), মো. হাসান মৃধা (২৩), নিরব প্রামাণিক (২১), মো. সায়েদ ইসলাম (২০), মো. হাসিবুল ইসলাম (১৯), মো. বাপ্পি (১৯) ও মো. বিল্লাল (২২)।
আদালত দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর পাঁচজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, ‘মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটন নগরী কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’