১৭ জুন ২০২৬, ২১:৫০

খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, সুবিধা পেল ৪৫৬ পরিবার

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান  © সংগৃহীত

সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে খাগড়াছড়িতে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে রামগড় উপজেলার লামকো পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে খাগড়াছড়ি থেকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া (এমপি), খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার এবং জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও তথ্যভিত্তিক করে তুলবে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে শনাক্ত করা সহজ হবে এবং সরকারি বিভিন্ন ভাতা ও সামাজিক সুরক্ষা কার্যক্রমের সুবিধা স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

উদ্বোধনী পর্ব শেষে রামগড় উপজেলার নির্বাচিত ৪৫৬টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। কার্ডপ্রাপ্ত পরিবারগুলো এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে উল্লেখ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের মতো খাগড়াছড়িতেও পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও অধিক সংখ্যক পরিবারকে এর আওতায় আনা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সামাজিক ও অর্থনৈতিক তথ্য সংরক্ষিত থাকবে, যা বিভিন্ন সরকারি সেবা ও সহায়তা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং কল্যাণমূলক কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নির্ভুল করতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং সেবার মানও বৃদ্ধি পাবে।