ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন
ঝিনাইদহে ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে এ কসাইখানার উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
প্রকল্প সূত্রে জানা গেছে, কসাইখানাটি নির্মাণের লক্ষ্যে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি এবং ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে ২০২৩ সালের ৬ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ক্রিস্টালটেক-এনএকে (জেভি)’ নির্মাণকাজ শুরু করে। দীর্ঘ প্রায় আড়াই বছরের কার্যক্রম শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আধুনিক কসাইখানাটি আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়।
৪৯ শতক জমির ওপর নির্মিত এ কসাইখানার মূল জবাই ও প্রক্রিয়াজাতকরণ এলাকা প্রায় আড়াই হাজার বর্গফুটজুড়ে বিস্তৃত। আধুনিক প্রযুক্তিনির্ভর এ স্থাপনাটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদভাবে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের সুবিধা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, কসাইখানাটিতে গরু ও ছাগল জবাইয়ের জন্য পৃথক দুটি ‘স্লটার লাইন’ স্থাপন করা হয়েছে। স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২টি গরু এবং ২০টি ছাগল সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই ও প্রক্রিয়াজাত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আধুনিক এ কসাইখানা চালুর ফলে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা রক্ষাতেও এটি কার্যকর ভূমিকা পালন করবে।