১৭ জুন ২০২৬, ১৯:১৬

ময়মনসিংহে নিখোঁজ শিশুর মরদেহ পুুকুর থেকে উদ্ধার

শিশু আরাফ  © সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর আরাফ (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
উপজেলার গারবগাতী গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে আরাফ মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা লাশ উদ্ধার করেন।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, আরাফের বাবা আলমগীর হোসেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহকারী হিসেবে কর্মরত। চাকরির সুবাদে তিনি পরিবারসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাস করতেন। কিছুদিন আগে পারিবারিক কারণে আরাফের মা বাবার বাড়িতে চলে গেলে সন্তানদের দেখভালে জটিলতা তৈরি হয়। এ অবস্থায় আরাফকে গ্রামের বাড়িতে দাদা-দাদির কাছে রাখা হয়েছিল। সেখান থেকেই সে নিখোঁজ হয় এবং পরদিন তার লাশ উদ্ধার করা হয়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।