পলিথিনের প্যাকেট থেকে ভেসে আসছিল কান্না, খুলে মিলল নবজাতক, হাসপাতালে ভর্তি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে ঘরের দরজার সামনে থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের সদর দরজার সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে পড়ে থাকা একটি কালো পলিথিনের প্যাকেট দেখে সন্দেহ হয় মীর হোসেনের। কাছে গিয়ে তিনি কান্নার শব্দ শুনতে পান। পরে প্যাকেটটি খুলে সদ্য ভূমিষ্ঠ একটি কন্যাশিশুকে দেখতে পান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান।
গৃহকর্তা মীর হোসেন বলেন, সকাল ১০টার দিকে বাড়ির সদর দরজার সামনে একটি পলিথিনের প্যাকেট দেখতে পাই। পরে প্যাকেটের ভেতর একটি নবজাতক শিশুকে দেখতে পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই। স্থানীয় প্রতিবেশী আহম্মদ উল্লাহর মাধ্যমে শিশুটিকে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ. ফারুক বলেন, গতকাল সকাল ১১টার দিকে নবজাতকটিকে হাসপাতালে আনা হয়। প্রথমদিকে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তার অবস্থার উন্নতি হচ্ছে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, বিষয়টি আমাকে সরাসরি কেউ জানায়নি। সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জেনেছি। হাসপাতালে যোগাযোগ করে শিশুটির সর্বশেষ অবস্থা জানার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিশুটির পরবর্তী ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।