প্রেমের টানে নবীনগরে চীনা যুবক, চলছে বিয়ের প্রস্তুতি
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। মাত্র তিন মাসের সম্পর্কের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছুটে এসেছেন এক চীনা যুবক। বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
সোমবার (১৫ জুন) রাতে বাংলাদেশে আসেন জিয়াঐলি। বর্তমানে স্বপ্না আক্তার নবীনগরের নীলনগর এলাকায় তার মামার বাড়িতে অবস্থান করছেন। সেখানে পৌঁছানোর পর স্থানীয়দের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে বাড়ির সামনে ভিড় করেন উৎসুক মানুষ। ইতোমধ্যে তাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াঐলির সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের পর নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
স্বপ্না আক্তার জানান, জিয়াঐলি তাকে বিয়ে করার উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছেন। বিয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তারা আদালতে যাবেন। তিনি বলেন, ‘আমাদের প্রায় তিন মাস ধরে যোগাযোগ চলছে। আমি আমার পারিবারিক পরিস্থিতির কথা তাকে জানিয়েছি। তিনি সবকিছু জেনেও সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন।’
স্বপ্না আরও জানান, ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ শুরুতে জিয়াঐলির পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে তিনি তার চীনা পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করলে সংশয় দূর হয় বলে জানান এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, প্রেমের টানে বিদেশ থেকে প্রত্যন্ত গ্রামে কোনো যুবকের আসার ঘটনা এলাকায় বিরল। ফলে বিষয়টি নিয়ে মানুষের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে।
পরিবারের সদস্যরা জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে চীনা যুবক জিয়াঐলি স্বপ্নার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং বিয়ের আনুষ্ঠানিকতার অপেক্ষায় আছেন।